১০ দফা দাবিতে রাজশাহী জুট মিল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বাংলাদেশ পাটকল কর্পোরেশনকে হোল্ডিং এবং অধীনস্থ মিলসমূহকে সাবসিডিয়ারি কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত বাতিল, বকেয়া বেতন-ভাতাসহ ১০ দফা দাবিতে রাজশাহী জুটমিলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা উক্ত কর্মসূচি পালন করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে রাজশাহী জুটমিল থেকে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। জুটমিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কাটাখালি বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কের উপর শেষ হয়। সেখানে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা সমাবেশ করেন। সমাবেশে রাজশাহী জুটমিল সিবিএ-এর সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাবেক সভাপতি আবদুল হামিদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফরমান আলী প্রমুখ বক্তব্য রাখেন।