রেকর্ডের নাম ক্লোসা
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ১৮:২৪
এই দিনটি কি আগে থেকেই রেকর্ড গড়ার জন্য ধার্য করে রেখেছিলেন মিরোস্লাভ ক্লোসা? মাঠে প্রতিপক্ষ ব্রাজিল। রোনালদো আছেন গ্যালারিতে। এতো বড় মঞ্চ তো আর হতে পারে না। কে জানে হয়তো কাকতালীয়ভাবেই ঘটলো এই মেলবন্ধন। আর এই মেলবন্ধনে সবচেয়ে সুখী ব্যক্তিটির নাম নিঃসন্দেহে মিরোস্লাভ ক্লোসা। ব্রাজিলে এসেছিলেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে, সেটা আবার ব্রাজিলেরই সাবেক স্ট্রাইকার রোনালদোর রেকর্ড ভেঙে। ব্রাজিলের জালে বল পাঠিয়েই স্বপ্নটা পূরণ করলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্বাগতিকদের নিয়ে জার্মানির ছেলেখেলার ম্যাচে বিশ্বকাপের মঞ্চে নিজের ১৬তম গোলটি করেন ক্লোসা।
ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল ভুলে যাওয়ার নব্বই মিনিট। বিশ্বকাপের অন্যতম ফেভারিটরা নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভা ও নেইমারকে বাইরে রেখে খেলতে নেমে মাথা তুলে দাঁড়াতেই পারেনি জার্মানদের সামনে। ৭-১ গোলের পরাজয়ই তার প্রমাণ। ব্রাজিলের ঠিক বিপরীতেই অবস্থান করছেন ক্লোসা। ম্যাচটিকে তিনি মনে রাখতে চাইবেন সবসময়। এক অর্থে গোটা বিশ্বই ম্যাচটির কথা আজীবন মনে রাখবে; ব্রাজিলের লজ্জার জন্য, ক্লোসার রেকর্ডের জন্য। ম্যাচ শেষে ক্লোসা অবশ্য দলগত অর্জনের জন্যই ম্যাচটিকে বেশি করে মনে রাখতে চাইলেন। অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমরা দল হিসেবে কি করতে পারি সেটা আজ মাঠে দেখিয়ে এসেছি। সেট পিস থেকে গোল আসাটাও জরুরি ছিল। আজ আমরা সেটা করতে পেরেছি। টনি ক্রস ভাল একটা জায়গায় বল ফেলেছিল, সেখান থেকে গোল করা খুবই সম্ভব ছিল। একসময় সেট পিস থেকে গোল করতে পারা আমাদের বড় একটা শক্তির জায়গা ছিল। আজকের ম্যাচে সেটা করতে পেরেছি বলে ভাল লাগছে।’
জার্মান দলটির কোচ জোয়াকিম লোও ম্যাচ শেষে এই ফরোয়ার্ডের প্রশংসা করলেন। গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘ওর এই রেকর্ড আমাদের কাছে দারুণ এক ব্যাপার। সত্যি বিশেষ এক অর্জন হিসেবেই এটাকে আমরা দেখছি। এটা এমন একটা রেকর্ড যেটা কেবল টমাস মুলারই ভাঙতে পারে। আমার মতে এই সম্মানটা মুলারের প্রাপ্যই ছিল। ওর বয়স কিন্তু অনেক। আর এই অবস্থাতেও বেশ দারুণভাবে আন্তর্জাতিক ফুটবলের সাথে নিজেকে ও মানিয়ে নিয়েছে। সত্যি অসাধারণ।’
১৪ গোল নিয়ে ব্রাজিলে চলমান বিশ্বকাপে খেলতে আসেন ক্লোসা। পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে দলে জায়গা না পেলেও গ্রুপ পর্বের পরের ম্যাচে ঘানার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই গোল করে রোনালদোকে ছুঁয়ে ফেলেন ৩৬ বছর বয়সী ক্লোসা। তিনটি বিশ্বকাপে খেলে ১৫ গোল করেছিলেন রোনালদো। ১৯৯৪ বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে থাকলেও সেবার কোনো ম্যাচ খেলেননি তিনি। তবে ‘দি ফেনোমেনন’-এর রেকর্ড স্পর্শ করেও সন্তুষ্ট ছিলেন না ক্লোসা। জানিয়ে রেখেছিলেন রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছার কথা।
বেলো হরিজন্তেতে ২৩তম মিনিটেই ইচ্ছাপূরণ হয় ক্লোসা, গড়েন নতুন ইতিহাস। ডি বক্সের ভেতর থেকে ক্লোসার প্রথম চেষ্টাটি ফিরিয়ে দেন জুলিও সেজার। কিন্তু ফিরতি শট আর ফেরাতে পারেননি তিনি। ক্লোসার ওই রেকর্ড গড়া গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। ঘানার বিপক্ষে গোলটি দিয়ে বিশ্বকাপের চার আসরে গোল করা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায়ও নাম লিখিয়েছিলেন ক্লোসা। চার বিশ্বকাপে গোল করা অন্য দু’জন হলেন কিংবদন্তী পেলে ও জার্মানির উভে জিলার।
২০০২ সালে নিজের প্রথম বিশ্বকাপেই পাঁচটি গোল করেছিলেন ক্লোসা। ২০০৬ বিশ্বকাপেও করেছিলেন পাঁচটি গোল। ২০১০ সালে আরও চারটি গোল করে ছুঁয়ে ফেলেছিলেন জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে। ১৫ গোল নিয়ে সামনে ছিলেন শুধু রোনালদো। এবার নিজের শেষ বিশ্বকাপে রোনালদোকেও ছাড়িয়ে গেলেন জার্মানির অন্যতম সেরা এই স্ট্রাইকার। জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষে আছে ক্লোসার নাম। ১৩৬ ম্যাচ খেলে ৭১ গোল করেছেন এই জার্মান স্ট্রাইকার।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা
খেলোয়াড় দেশ গোল ম্যাচ
মিরোস্লাভ ক্লোসা জার্মানি ১৬ ২৩
রোনালদো ব্রাজিল ১৫ ১৯
জার্ড মুলার জার্মানি ১৪ ১৩
জাস্ট ফন্টেইন ফ্রান্স ১৩ ০৬
পেলে ব্রাজিল ১২ ১৪
স্যান্দোর কোচিস হাঙ্গেরি ১১ ০৫
জার্গেন ক্লিন্সম্যান জার্মানি ১১ ১৭
হেলমুট রান জার্মানি ১০ ১০
গ্যাব্রিয়েল বাতিস্তুতা আর্জেন্টিনা ১০ ১২
গ্যারি লিনেকার ইংল্যান্ড ১০ ১২
টমাস মুলার জার্মানি ১০ ১২
তেওফিলো কুবিলাস পেরু ১০ ১৩
জেগর্জ লাটো পোল্যান্ড ১০ ২০