কার হাতে বিশ্বকাপ

দেখতে দেখতে শেষ হয়ে এলো ব্রাজিল বিশ্বকাপের আসর। নিজেদের শক্তি আর সামর্থ্যের উপর দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ের পথে যোগ্য দলগুলো। তবে এখনই বলা মুশকিল এদের মধ্যে কারা হবে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন। পাশাপাশি মেসি, মুলার নাকি রোবেন—কার হাতে উঠবে বিশ্ব সেরার স্বীকৃতি? এ নিয়ে জোর আলোচনা চলছেই। আলোচনায় পিছিয়ে নেই শোবিজের তারকারাও। তারা বাজি ধরেছেন তাদের প্রিয় দল আর খেলোয়াড়দের পক্ষেই। এবারের বিশ্বকাপ কে নেবে? তারকাদের সাথে কথা বলে লিখেছেন লিমন আহমেদ জুয়েল আইচ জাদুশিল্পী আমি কোনো দলের কট্টর সমর্থক নই। যার খেলা ভালো লাগে তাকেই সেরা বলে ভাবি। এবারের আসরে এখন পর্যন্ত দলগতভাবে যদি ভাবতে হয় তবে জার্মানিকেই বিশ্ব চ্যাম্পিয়নের পথে এগিয়ে রাখতে হবে। দলটি অবিশ্বাস্য পারফর্ম করছে। এর বাইরে একজন ভালো মানুষ এবং খেলোয়াড়ের কথা বিবেচনা করলে আমি লিওনেল মেসির পাশেই বিশ্বকাপ রাখতে চাই। অনেকেই তার খেলায় মুগ্ধ হয়ে নানা কথা বলে। তবে আমি বলি পেলের পর ফুটবল বিশ্বে মেসিই সেই খেলোয়াড় যিনি পাঁচ জনের আক্রমণের শিকার হয়েও চমত্কার হাসতে পারেন। তার এ ব্যক্তিত্ব সবার জন্য অনুকরণীয়। তাছাড়া এবার তিনি যা খেলছেন, তাতে ৮৬ ম্যারাডোনার মতো কাপ তার হাতেই ভালো মানাবে। ০০০০ মোশাররফ করিম অভিনেতা আমি সবসময়ই সুন্দর খেলার অনুরাগী। তাই যখন থেকে ফুটবল বুঝি তখন থেকেই ব্রাজিল আমার পছন্দের দল। বিভিন্ন সময় দলটিতে বিশ্বের অনেক নামী খেলোয়াড়ের এসেছেন। তারা ফুটবল দিয়ে বাজিমাত করেছেন ফুটবলপ্রেমীদের। এবার ছিল ব্রাজিলের হেক্সা জয়ের মিশন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দুরন্ত জার্মানির কাছে বিপর্যস্ত হয়েছে লুইস-হাল্করা। এটা একেবারেই অবিশ্বাস্য। তবে দিন শেষে ফলটাই আসল আর চির বাস্তব। সেটা যতই বেদনার হোক মেনে নিতে হবে। যেহেতু ব্রাজিল নেই তাই এ মুহূর্তে আমি চাইব বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই যাক। একজন সেরা খেলোয়াড় হিসেবে মেসির বিশ্বকাপ জয়টা খুব গুরুত্বপূর্ণ। আর এবারের আসরে কমলা দল ‘হল্যান্ড’কেও বেশ ফেভারিট লাগছে। তারাও চ্যাম্পিয়ন হতে পারে। ০০০০ সুমাইয়া শিমু অভিনেত্রী ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত অভিনেত্রী সুমাইয়া শিমু। বারবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে বুক বাঁধলেও তার দল ফিরে গেছে খালি হাতেই। তবে এবার আর ফিরে যাওয়ার ইচ্ছে নেই। কারণ, আর্জেন্টিনার আছেন বিস্ময় বালক লিওনেল মেসি। যিনি একাই যেকোনো দলের বিপক্ষে গড়ে দিতে পারেন ব্যবধান। তাই এবার শিমু চান প্রিয় তারকা মেসি আর প্রিয় দল আর্জেন্টিনার হাতেই উঠুক বিশ্বকাপ। ০০০০ ইরেশ যাকের অভিনেতা আমি হলাম এবারের আসরে অভাগা ফুটবলপ্রেমী। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আমার প্রিয় দল ইংল্যান্ড। এর বাইরে আমি সব দলগুলোই পছন্দ করি। যেই বেশি গোল দেয় আর ভালো খেলে তাকেই সেরা মনে হয়। এবারে এখন পর্যন্ত যা দেখলাম তাতে জার্মানিই চ্যাম্পিয়ন হবে বলে মনে হচ্ছে। যদিও লিওনেল মেসির আর্জেন্টিনাও এ পথে বেশ এগিয়ে আছে। তবে আমি চাই না আর্জেন্টিনা সেমিফাইনাল জিতে ফাইনালে যাক। কারণ, বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সাপে নেউলে সম্পর্ক। যেহেতু ব্রাজিল সেমিফাইনালে হেরে গেছে তাই আর্জেন্টিনারও উচিত বিদায় নেওয়া। নইলে বাংলাদেশে ব্রাজিল সাপোর্টারদের অবস্থা হবে কেরোসিন। তবে কে চ্যাম্পিয়ন হচ্ছে সেটা অনুমান করা সত্যি কঠিন। কেননা, শেষ আটে যারা আসে তারা প্রত্যেকেই এ স্বীকৃতির দাবিদার। ০০০০ হাসিন মডেল ও অভিনেত্রী আমি ব্রাজিলের কট্টর সমর্থক। স্বভাবতই আর্জেন্টিনাকে একদম সহ্য করতে পারি না। যেহেতু আমার দল সেমিফাইনালে হেরে গেছে তাই আমি চাই আর্জেন্টিনাও হারুক। হিটলারের দেশ জার্মানকেও বিশ্বকাপ নিতে দেখতে চাই না আমি। কারণ তাদের কাছেই দুর্ভাগ্যবশত হেরেছে ব্রাজিল। যদিও দলে নেইমার আর সিলভা থাকলে ফলাফলটা অন্যরকম হতে পারত বলেই আমার বিশ্বাস। যাই হোক, এবারের আসরে নেদারল্যান্ডও অনেক ভালো ফুটবল খেলেছে। রোবেন-পার্সির মতো তাদের বেশ ক’জন বিশ্ব মাপের খেলোয়াড় রয়েছে। পাশাপাশি ইতিহাস বলে সেই শুরু থেকেই চমত্কার ফুটবল খেলা উপহার দিয়ে আসছে দলটি। অথচ একবারও তাদের বিশ্বকপ জেতা হয়নি। কাছাকাছি এসেও বারবার ফিরে যেতে হয়েছে শূন্য হাতেই। তাই আমি চাই, এবারের বিশ্বকাপ কমলার দেশেই যাক। ফুটবল বিশ্ব নতুন চ্যাম্পিয়ন পাবে।