শিপার্স কাউন্সিলকে চার্জ দেয়ার
স্থগিতাদেশ আরও
ছয় মাস বাড়ল
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২০:৪৪
জাহাজ ভাড়ার দশমিক পাঁচ শতাংশ হারে ফ্রেইট ব্রোকারেজ চার্জ হিসেবে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশকে (এসসিবি) দেয়ার নির্দেশনা আরও ৬ মাসের জন্য স্থগিত হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশের নির্দেশনা কার্যকরের জন্য কেন্দ্রীয় ব্যাংক গতকাল একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
এর আগে ২০১১ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় জাহাজের মালিককে অর্থ পরিশোধের আগে দশমিক পাঁচ শতাংশ ফ্রেইট ব্রোকারেজ চার্জ বাবদ শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের জন্য কেটে রাখার নির্দেশ দেয়া হয়। অর্থাত্- কোনো জাহাজ মালিক ভাড়া বাবদ ১০০ টাকা পেলে তার মধ্যে ৫০ পয়সা শিপার্স কাউন্সিলকে দেয়া বাধ্যতামূলক ছিলো। বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনার বিরুদ্ধে জাহাজ মালিকরা উচ্চ আদালতে একটি রীট দায়ের করেন। সে পরিপ্রেক্ষিতে আদালত ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি প্রথম দফায় চার মাসের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা স্থগিত করে। একই বছরের জুলাই মাসে স্থগিতাদেশের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনের কার্যকরিতা পর্যায়ক্রমে ছয় মাস করে স্থগিত করা হচ্ছে।