রক্তমাখা ব্যান্ডেজ লাগিয়ে ভিক্ষা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রচণ্ড রোদের তাপের মধ্যে একটি তিন বছরের শিশুর চোখে, মাথায় ও হাতে ব্যান্ডেজসহ রক্তমাখা অবস্থায় বসিয়ে নাটক তৈরি করে ভিক্ষা করছে আপন বড় বোন। অবুঝ শিশুকে অন্ধ বানিয়ে বড় বোন নাটক সাজিয়ে মানুষকে বোকা বানিয়ে ভিক্ষা করার ঘটনা ফাঁস করেন সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ। মঙ্গলবার দুপুরে সোনারগা উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তার ফুট ওভার ব্রিজের উপর অন্ধ শিশুকে ৫শ’ টাকা ভিক্ষা দিতে গিয়ে প্রতারণার রহস্য উদঘাটন করেন সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ। পরে শিশুসহ মেয়েটিকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাটি যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তার ফুটওভার ব্রিজের উপর একটি শিশুর চোখ ও হাতে ব্যান্ডেজ করা এবং রক্তমাখা অবস্থায় বসে আছে, পাশে একজন মেয়ে বোরকা পড়ে শিশুটিকে জড়িয়ে কান্না করে সবার কাছে ভিক্ষা চাইছে। মেয়েটি কান্নাকাটি করে বলছে, আমরা অসহায়, আমাদের কেউ নেই, আমার ছোট্ট বোনটির চোখ নষ্ট হয়ে গেছে, হাত ভেঙ্গে গেছে, ওর চিকিৎসা করানোর জন্য আপনারা কিছু টাকা দিলেই আমার ছোট্ট বোনটি চোখে দেখতে পাবে এবং হাতটি ভালো করা সম্ভব হবে।

আরও পড়ুন: স্বর্ণ ব্যবসায়ী প্রবীর হত্যায় বন্ধু পিন্টুর ফাঁসির আদেশ

মেয়েটির কান্না দেখে পুলিশের সেই এসআই আজাদের হৃদয় গলে গেলো। সেও শিশুটির চোখে ও হাতে ব্যান্ডেজ দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তখন পুলিশ অফিসার আজাদ তার পকেট থেকে শিশুটিকে দেওয়ার জন্য যখন টাকা বের করে। তখন পুলিশ অফিসারের মনে একটু সন্দেহ হলে শিশুটির ব্যান্ডেজ দেখে। শিশুর হাত যদি ভাঙ্গা থাকে তাহলে তার হাত ধরলে একটু হলেও ব্যথা পাবে। সেই ধারণা নিয়ে শিশুর হাতের ব্যান্ডেজে হাত চাপ দিলে শিশুটি কোন চিৎকার দেয়নি। তখনি এসআই আজাদ প্রতারণার বিষয়ে শতভাগ নিশ্চিত হয়ে যায়। পরে শত শত লোকদের সামনে শিশু ও মেয়েটিকে ফুট ওভার ব্রিজ থেকে নিচে নামিয়ে আনেন। তখন এই প্রতারণার কথা জিজ্ঞাসা করতেই মেয়েটি পুলিশের কাছে ক্ষমা চাইছে। পরে মেয়েটির চোখ ও হাতের ব্যান্ডেজ খুলে দেখায়। অবুঝ শিশুকে অন্ধ বানিয়ে চোখে ও হাতে ব্যান্ডেজ করে চিকিৎসার নামে ভিক্ষা করছে। মানুষের সাথে প্রতারণা করে এভাবেই ভিক্ষা করছে।

প্রতারক ভিক্ষুক নারী রাজধানীর রায়েরবাগের সি ব্লকের আবুল ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া সালাউদ্দিনের মেয়ে তাসলিমা আক্তার (১৫) ও তার বোন শিশু সালেহা (৩)। তবে কার কথায় এমন প্রতারণা করে ভিক্ষা করছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, ‘একটি অবুঝ শিশু কোলে এক নারী বোরকা পড়ে ফুটওভার ব্রিজে ভিক্ষা করছে। শিশুটি অন্ধ ও হাত ভাঙ্গার অভিনয় করিয়ে নিয়েছে তার বড় বোন। সবার মত আমিও এমন দৃশ্য দেখে পকেট থেকে ৫শ’ টাকা বের করে সাহায্য করতে গিয়ে সন্দেহ হলে প্রতারণার প্রকৃত রহস্য বেরিয়ে আসে। প্রতারণা করে ভিক্ষা করার পুরো ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। এভাবে যদি মানুষ প্রতারণা করে ভিক্ষা করে তাহলে তো প্রকৃত অসহায় দরিদ্র মানুষ সাহায্য থেকে বঞ্চিত হবে।

ইত্তেফাক/বিএএফ