ব্রাজিল-জার্মানি ম্যাচ টুইটার ফেসবুকে নতুন রেকর্ড

বিশ্বকাপে সেমিফাইনালে মঙ্গলবার জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলের রেকর্ড পরাজয়ের দিন ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। খেলার কোনো ঘটনা নিয়ে টুইটার ও ফেসবুক এদিন অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। ব্রাজিলের ফুটবলের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়টি চলার সময় মোট তিন কোটি ৫৬ লাখ বার টুইট করা হয়েছে। সামাজিক মাধ্যমগুলো জানিয়েছে টুইটারে এর আগের রেকর্ডটি ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, সুপার বোউল (যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের বার্ষিক চ্যাম্পিয়ন্সশিপ খেলা) প্রতিযোগিতায়। ওই সময় টুইটারে আড়াই কোটি মন্তব্য করা হয়েছিল। ব্রাজিল-জার্মানি ম্যাচের সময় ফেসবুকও রেকর্ড গড়েছে। ম্যাচটি চলার সময় ফেসবুকে রেকর্ড ছয় কোটি ৬০ লাখ ব্যবহারকারীর সম্পৃক্ততায় ২০ কোটি পোস্ট, শেয়ার, কমেন্টস এবং লাইক পড়েছে। খেলার ২৯ মিনিটে সামি জার্মানির পঞ্চম গোলটি করার পর পরই টুইটার এবং ফেসবুক, উভয় মাধ্যমেই সবচেয়ে বেশি মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যায়। এ সময় এক মিনিটের ব্যবধানে ৫ লাখ ৮০ হাজার টুইট পড়ে। সবচেয়ে বেশিবার পুনরাবৃত্তি করা টুইট বাক্যটি ছিল, ‘ব্রাজিলের আছে নেইমার, আর্জেন্টিনার আছে মেসি, পর্তুগালের আছে রোনালদো কিন্তু জার্মানির আছে একটি দল।’