হার থেকে শিক্ষা নিতে চান লুইজ

দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন গত মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জার্মানীর কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারা স্বাগতিক ব্রাজিল দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ডেভিড লুইজ। ব্রাজিলের এমন লজ্জাজনক পরাজয়ে গোটা ব্রাজিল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এমন পরাজয় কোনভাবেই মেনে নিতে পারছে না ফুটবল তীর্থ ব্রাজিলের জনগণ। মেনে নিতে পারছেন না বিশ্বব্যাপী ব্রাজিল দলের অগণিত সমর্থকও। এমন পরাজয়ের কোন জবাবও জানা নেই থিয়াগো সিলভার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া ডিফেন্ডার লুইজের। তাই পরাজয়ের জন্য তিনি ক্ষমা চেয়েছেন ব্রাজিলীয়দের কাছে। লুইজ বলেন,‘আমি চেয়েছিলাম আমার দেশের জনগণের জন্য একটু আনন্দ বয়ে আনতে। যারা ইতোমধ্যে অনেক কষ্ট সহ্য করেছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা তা করতে পারিনি। আমি সবার কাছে এজন্য ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি ব্রাজিলবাসীর কাছে। আমি আমার দেশের জনগণের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম।’ লুইজের বক্তব্যেরই প্রতিধ্বনিত করেছেন গোলরক্ষক জুলিও সিজার। তার মতে প্রথম ৪৫ মিনিটের খেলায় খেলোয়াড়রা নাটকীয়ভাবে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা সেখানে কিছু হারিয়ে ফেলেছিলাম। আর জার্মানী সেটি বুঝে ফেলেছিল। ফলে তারা গোল উত্সবে মেতে ওঠে। তবে আমার ভুলের জন্য যদি দল হারতো তাহলে সেটির ব্যবধান থাকতো বড় জোর ১-০ গোলের। কি ঘটেছিল এই মুহূর্তে তার ব্যাখ্যা করতে বেগ পেতে হবে। বিষয়টি কিছুটা জটিল। শুধু এটি বলতে পারি, আমাদের একটি স্বপ্নের অপমৃত্য ঘটেছে। তবে বিষয়টি যে এভাবে ঘটবে তা আশা করিনি।’ সিজার আরো বলেন,‘আমার জীবনে সবকিছু থেকে শিক্ষা গ্রহণ করে আসছি। এখান থেকেও শিক্ষা নিতে আমার কোন সংকোচ নেই। আমি এটিকে মাথা পেতে নিয়েছি। একদিন দেশের মানুষের মুখের এই হাসি আমি ফিরিয়ে দেব।’-বাসস