শালিখা হাসপাতালে চার বছর অস্ত্রোপচার বন্ধ
শালিখা (মাগুরা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২২:০৮
একজন চিকিত্সকের অভাবে ৫০ শয্যার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ধরনের অস্ত্রপচার ৪ বছর ধরে বন্ধ রয়েছে। একজন গাইনী ও অর্থপেডিক চিকিত্সক থাকলেও অজ্ঞানবিদের অভাবে প্রয়োজনীয় ক্ষেত্রে অস্ত্রপচার করতে না পেরে তারা হাত গুটিয়ে বসে থাকেন। এ জাতীয় রোগী এলেই অন্যত্র রেফার্ড করা ছাড়া তাদের কোনো উপায় থাকে না। অথচ এ স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচারের জন্য নির্মাণ করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ৩টি অস্ত্রপচার কক্ষ। ২০১০ সালের জানুয়ারিতে ৫০ শয্যার হাসপাতালের কার্যক্রম চালু করা হয়েছে। শুরু থেকেই অস্ত্রপচার কক্ষে তালা ঝোলানো হয়েছে। মূল্যবান অস্ত্র ও যন্ত্রপাতি অব্যবহূত থাকায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে প্রসূতি মাতা ও দরিদ্র রোগীদের দুর্ভোগ বেড়েছে। সাধারণ মানুষ সরকারি চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুন্সী মোঃ ছাদুল্লাহ জানান, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।