এলজিএসপি প্রকল্পের অর্থ আত্মসাত্ ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২২:১১
এলজিএসপি ২ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউপি চেয়ারম্যান গোলাম রসূল বাবুকে তার পদ থেকে বরখাস্ত করে ঐ পদকে শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধি শাখার উপ-সচিব আবু তাহের মুহাম্মদ জাবেদ গত রবিবার স্বাক্ষরিত ও জারিকৃত পত্রে ঐ চেয়ারম্যানকে অপসারণ করাসহ স্থানীয় সরকার পদটি শূন্য ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ইউএনওকে নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার ইসলাম জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামীতে ঐ ইউনিয়নের বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।
গত ২০১২-১৩ অর্থবছরে ভুয়া প্রকল্প দেখিয়ে এলজিএসপি : ২-এর বরাদ্দকৃত ৩ লাখ ১ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ ইউপি চেয়ারম্যানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।