ব্যবসায়ী হত্যার অভিযোগে ওসিসহ ৪ পুলিশের বিরুদ্ধে মামলা

বরিশালের গৌরনদী উপজেলার সালতা বাজারের খুদে ব্যবসায়ী শাহীন মোল্লাকে নির্যাতন করে হত্যা করার অভিযোগে মাদারীপুরের ডাসার থানার ওসিসহ ৪ পুলিশ ও পুলিশের এক সোর্সসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার নিহতের মা রেবা বেগম বাদি হয়ে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে বরিশাল র্যাব-৮ এর পরিচালককে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। নিহতের স্বজনরা জানান, গত ৮ জুন সন্ধ্যার পরে ডাসার-মেদাকুল সংযোগ সেতুর উপরে বসে গৌরনদী উপজেলার পূর্ব সমরসিংহ গ্রামের শাহিন মোল্লা (২০), শাহ আলম (২৪), মুকিত (২৪) গল্প করার সময়ে ডাসার থানার এসআই মীর নাজমুল হাসান থানার কনস্টেবল ফরহাদ হোসেন ও সালাউদ্দিনকে নিয়ে আটক করে নিয়ে আসে। পরে আটক শাহ-আলম ও মুকিতকে টাকার বিনিময়ে ছেড়ে দিলেও টাকা না পেয়ে শাহীনকে পুলিশ শারীরিকভাবে নির্যাতন করে। পরে ১৪ জুন রাতে হাজতে শাহিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর মারা যায়।