সেমিতে ওঠাকেই জয় বলছেন আর্জেন্টিনা কোচ

নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ আলেকজান্দ্রো সাবেলা বলেছেন, বিশ্বকাপে আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি। এটাই আমাদের জয়। তাই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলায় আমাদের হারানোর কিছু নেই। জার্মানির বিপক্ষে মঙ্গলবার ৭-১ ব্যবধানে হেরে শিরোপা লড়াই থেকে স্বাগতিক ব্রাজিল ছিটকে পড়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশের একমাত্র আশা হিসাবে টিকে আছে আর্জেন্টিনা। মেসির মতো খেলোয়াড় দারুণ ছন্দে থাকা সত্ত্বেও সাবেলা মনে করেন, তার শিষ্যরা ইতিমধ্যে ব্রাজিলে তাদের লক্ষ্য পূরণ করেছে। এরপর তারা আরো ভালো কিছু করলে সেটা হবে আর্জেন্টিনার জন্য বোনাস। সাবেলা বলেন, যেহেতু ফুটবল অনিশ্চয়তার খেলা তাই জানি না আজ কী হবে। তবে ফাইনালে খেলতে হলে আমাদের আরো উন্নতি করতে হবে। যতদূর যাওয়া সম্ভব ততটুকু যাওয়ার লক্ষ্য নিয়েই আমরা এখানে এসেছি। আমাদের লক্ষ্য ছিলো অন্তত কোয়ার্টার ফাইনাল পার করা। ২৪ বছর পর আমরা সেটি করেছি। কিন্তু এখন আমরা ফাইনালে যেতে চাই। ফাইনালে যেতে না পারলেও আমাদের কোন হতাশা বা বিষণ্নতা থাকা উচিত নয়। সেমিফাইনালের ফলাফল যাই হোক না কেন আমরা ইতিমধ্যে জিতে গেছি। সাবেলার মতে, বুধবার সাও পাওলোর এরেনা কোরিন্থিয়ান্সে আর্জেন্টিনার জন্য বড় হুমকি ডাচ উইংগার আরিয়েন রোবেন। তিনি বলেন, রোবেন হচ্ছেন এমন একজন খেলোয়াড় যিনি একক প্রচেষ্টায় মাঠে প্রাধান্য বিস্তার করতে পারেন। তাই তার প্রতি আমাদের বিশেষ নজর থাকবে। তাকে ঘিরে রাখতে হবে। তাকে আক্রমণ চালানো থেকে বিরত রাখতে হবে, নতুবা বল ফিরে পাওয়াটা কঠিন হয়ে পড়বে। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের খেলায় উরুর ইনজুরিতে আক্রান্ত হওয়া আর্জেন্টিনার আক্রমণাত্মক মিডফিল্ডার এঞ্জেল ডি মারিয়া খেলতে পারবে না নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে প্রতিবেদন অনুযায়ী আর্জেন্টিনা ফাইনালে গেলেও তার আগে সেরে ওঠার সুযোগ নেই তার। ডি মারিয়ার না খেলা সম্পর্কে সাবেলা বলেন, ডি মারিয়ার বদলে ইনজো পেরেজকে খেলানো হবে। পেরেজের থেকে ডি মারিয়া ভালো খেলে কিন্তু সেও তার দায়িত্ব পালন করার ব্যাপারে সচেষ্ট। ডি মারিয়া খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। মেসির সাথে তার ভালো সমন্বয় হয়। সে থাকলে দলের ভারসাম্য আসে। অন্যদিকে পেরেজের যাদুকরী খেলা তেমন একটা না থাকলেও মাঠে নিজের জায়গা করে নিতে পারে। বড় ধরনের প্রতিযোগিতার জন্য সে উপযু্ক্ত এবং মনস্তাত্ত্বিক দিক দিয়েও তার পরিপক্বতা রয়েছে। পর্তুগালে তার সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটার ঘটনা কোন কাকতালীয় ঘটনা নয়। উরুর ইনজুরির কারণে গ্রুপ পর্বের খেলাগুলো খেলতে না পারলেও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও এগুইরা মাঠে ফিরেছেন। তবে তাকে বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নামানো হতে পারে। ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এগুইরা। খেলার ওপর নির্ভর করছে তাকে কখন নামানো হবে। দলের প্রয়োজন অনুযায়ী তাকে ব্যবহার করা হবে।