ফৌজদারহাটে ৫টি বগি লাইনচ্যুত
চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ সাড়ে ৬ ঘণ্টা বিচ্ছিন্ন
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২২:২৫
চট্টগ্রামের ফৌজদারহাটে তেলবাহী ওয়াগনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে বন্দরনগরীর রেল যোগাযোগ সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুপুর একটা ২০ মিনিটে আবার রেল চলাচল শুরু হয়। এসময় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কয়েক ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। এছাড়া প্রভাতী ও কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়। তবে এ বিষয়টি অনেক দেরিতে ঘোষণা দেয়ায় যাত্রীরা বেকায়দায় পড়েন। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা কয়েক ঘণ্টা ট্রেনের অপেক্ষায় থেকে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এদিকে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই চালককে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন-চালক উত্তম কুমার ভট্টাচার্য এবং সহকারী চালক দিদারুল আলম। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ফৌজদারহাটে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম স্টেশনে হাজার হাজার যাত্রীকে ট্রেনের অপেক্ষায় বসে থাকতে দেখা যায়। এসময় বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি ছিল চরমে। দুপুর ১২টা পর্যন্ত রেল কর্তৃপক্ষ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে কিনা সে সম্পর্কে যাত্রীদের কোনো তথ্য জানাতে পারেনি।