জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে যেতে পারত না তেমনি দাদা ভাইয়ের জন্ম না হলে শিবচরে এত উন্নয়ন সম্ভব হতো না।’
বুধবার দুপুরে শিবচরের ভান্ডারীকান্দি ইউনিয়নের দক্ষিণ ক্রোকচর সরদার কান্দি মরা আড়িয়াল খাঁ নদীর উপর প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এদিন একই ইউনিয়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আরেকটি সেতু, উমেদপুর ইউনিয়নের আলেপুর চুন্নু ঢালী সড়কসহ একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন করেন তিনি।
লিটন চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পরে কিছুদিন হয়তো ক্ষমতার দাপট দেখিয়েছিল তারা। বঙ্গবন্ধুর রক্ত, ২১ আগস্টের রক্ত, জিয়াউর রহমানের হত্যার শিকার শতশত সেনাবাহিনী কর্মকর্তার রক্তের অভিশাপেই খালেদা জিয়া আজ জেলে তারেক জিয়া বিদেশে পলাতক। রক্তের ঋণ কখনো বৃথা যায় না। যে কোন খারাপ কাজ যেমন মাদকের জন্যই হক বা সন্ত্রাসের জন্যই হক তার দায়-দায়িত্ব শিবচর আওয়ামী লীগ নিবে না। উন্নত শিবচবকে টিকায়ে রাখতে হলে আমাদের সোনার মানুষ দরকার হবে। তাই আমাদের ছেলে মেয়েদেরকে সেভাবে তৈরি করতে হবে। শিবচরে জাতীয়পার্টি ও বিএনপির সময় অনেক এমপি হয়েছিল তারা মানুষের জন্য কোন কাজ করে নাই তাই মানুষের ভালোবাসা পায় নাই। এটাই হলো তাদের ব্যর্থতা। আপনাদের ভালোবাসা আমি পেয়েছি তাই আমার কাছে আপনাদের কোন দাবি করা লাগবে না শিবচরে ব্যাপক উন্নয়ন হয়েছে আরো হবে।’
আরও পড়ুন: স্বপ্ন সুপার শপসহ ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
একাধিক উন্নয়নমুলক কর্মকাণ্ড উদ্বোধনের সময় তার সাথে ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান (তোতা), ভান্ডারীকান্দি ইউনিয়নের সেক্টর কমান্ডার ও সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন নান্নু, ভান্ডারীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম চৌকদার প্রমুখ।
পরে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি রাজৈর উপজেলাধীন পশ্চিম সর্বমঙ্গল্য তাহেরুন্নেছা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহামেদ মোল্লা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করেন।
ইত্তেফাক/বিএএফ