আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা

২০১৪-১৫ অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দেড় হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে আজ বৃহস্পতিবার। গত অর্থবছরে এর পরিমাণ ছিল এক হাজার ৮৭৬ কোটি ৮ লাখ টাকা। বৃহস্পতিবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। ২০১২-২০১৩ অর্থবছরের বাজেট ছিল এক হাজার ৫১৬ কোটি টাকা। গত মঙ্গলবার ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ২ হাজার ৪১ কোটি ৮৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে উত্তর সিটি করপোরেশন। প্রস্তাবিত বাজেটে ৩৯০ কোটি টাকা আয় ধরা হয়েছে হোল্ডিং ট্যাক্স থেকে। গত মঙ্গলবার বিকালে উত্তরা কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. ফারুক জলীল এ বাজেট ঘোষণা করেন। রাজস্ব আয়ের দ্বিতীয় খাত বাজার সেলামি ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। সম্পত্তি হস্তান্তর বাবদ আয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় বেশি ৫ কোটি টাকা। সড়ক খননের মেরামত ফিস বাবদ আয় গত অর্থবছরের চেয়ে ১৩ কোটি টাকা বেশি ধরা হয়েছে। ট্রেড লাইন্সেস ফি থেকে আয় ৩০ কোটি ২০ লাখ টাকা। গরুর হাট থেকে আয় ধরা হয়েছে ১৮ কোটি ৫৯ লাখ টাকা।