আশুলিয়ায় শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ

শিল্পাঞ্চল আশুলিয়ায় অসুস্থ এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসময় শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত ৩০জন। গতকাল বুধবার সকালে জিরাবো এলাকার সাউদার্ন ডিজাইন কারখানায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ ও শ্রমিকরা জানায়, গত মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত কাজ করে অসুস্থ হয়ে পড়ে সাউদার্ন ডিজাইন কারখানার প্যাকিংম্যান আব্বাস আলী (৩০)। অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফেরার পর রাতে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। এ খবর সকালে কারখানায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। এসময় তারা কাজ বন্ধ রেখে দফায় দফায় বিক্ষোভ করে।