অবৈধভাবে কোটি টাকা আয়ের অভিযোগ

আইন কমিশনের গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করবে দুদক

অবৈধভাবে কোটি টাকা আয়ের অভিযোগে আইন কমিশনের গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসএম শামছুল আলম নামের ওই গাড়ি চালক প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে এ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এসব অবৈধ সম্পদ অর্জন ও এ ব্যাপারে তথ্য গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। এসব অভিযোগে ইতিমধ্যে শামছুল আলমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দুদক সূত্র জানায়, শামছুল আলম বাংলাদেশ আইন কমিশনের (বিচার ও প্রশাসন ইনস্টিটিউট ভবন)-এর গাড়ির চালক থাকা অবস্থায় প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে কমিশনে অভিযোগ আসে। দুদক অভিযোগটি খতিয়ে দেখে প্রাথমিক অনুসন্ধানের পর তার সম্পদ বিবরণী দাখিলের জন্য চিঠি দিলে সে তার সম্পদ বিবরণী দাখিল করে; কিন্তু সেই দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার ব্যাংক হিসাবে গচ্ছিত ৭১ লাখ ১৮ হাজার ১৫০ টাকা গোপন করে। এবং সেই টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অন্যত্র হস্তান্তর করেছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়। তাই এসব অবৈধ অর্জিত টাকা স্থানান্তর ও তথ্য গোপন করার অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২)(৩) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।