সাকিবের সাজা বাতিলের দাবিতে মানববন্ধন

‘লঘু পাপে গুরু দণ্ড, বিচারের ভুল মানদণ্ড মানি না’, ‘সাকিবকে মাঠে দেখতে চাই’—এমন দাবি নিয়ে গতকাল বুধবার বিকালে শাহবাগ জাদুঘরের সামনে সাকিবের বহু ভক্ত মানববন্ধন করেছেন। ছয় মাসের নিষেধাজ্ঞা বাতিল করে দেশের বৃহত্ স্বার্থে সাকিবকে মাঠে ফেরাতে হবে এই দাবি নিয়ে তারা জড়ো হন। বিভিন্ন ধরনের ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, মুখে রং-তুলির আলপনা এঁকে সাকিবকে মাঠে ফেরাতে সোচ্চার ছিলেন তারা। এসময় মানববন্ধনে আসা ঢাকাস্থ মাগুরা জেলা সমিতিসহ সাকিবের জেলা মাগুরা থেকেও অনেক মানুষ উপস্থিত হয়। তাছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক, টুইটারসহ দেশের বিভিন্ন মিডিয়া এই মানববন্ধনের ডাক দেয়। শাহবাগ জাদুঘরের সামনে দুপুর সোয়া ৩টায় শুরু হওয়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষোভে ফেটে পড়ে। মাগুরা জেলার সাবেক জাতীয় দলের খেলোয়াড় এবং বর্তমান ক্রীড়া সংগঠক নাজমুল হাসান লোভন বলেন, আমরা তাকে মাঠে রেখেই অন্যভাবে শুধরাতে পারতাম। কারণ ক্রিকেট ছেড়ে এতোদিন মাঠের বাইরে থাকলে তার ফিটনেসের সমস্যা হতে পারে। সামনে বিশ্বকাপের মত বড় আসর, অবিলম্বে তাকে খেলার মাঠে ফেরাতে হবে। আমরা তার জেলার মানুষ। তার পক্ষে ক্ষমা প্রার্থনা করছি। তার বয়সের সাথে সব কিছু বিবেচনা করে সাকিবকে মাঠে ফেরানোর জন্য বিসিবির কাছে অনুরোধ করছি।