ঢাবির কুয়েত মৈত্রী হলে এলিট মেহেদী উত্সব

আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকাবাসী ও বিশ্ব কলাকেন্দ্রের উদ্যোগে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে আন্ত: ছাত্রী হল মেহেদী উত্সব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট কূটনীতিবিদ আমিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব কলাকেন্দ্রের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান, এলিট কসমেটিক্স লিঃ এর জিএম আবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাবাসী সভাপতি ও ঢাকা ঈদ আনন্দ মিছিল উদযাপন পরিষদের আহ্বায়ক মোঃ শুকুর সালেক। অংশগ্রহণকারী ছাত্রীরা মেহেদী নকশায় অংশগ্রহণ এবং ১০টি জুটিকে পুরস্কৃত করা হয়। এদিকে ঢাকায় মাসব্যাপী মেহেদী উত্সবের আয়োজন করেছেন ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন। গত এক সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এই উত্সব জমজমাট হয়ে উঠেছে। বিভিন্ন বয়সের তরুণ-তরুণীরা এই উত্সবে যোগ দিচ্ছেন। মেয়েদের হাতে শোভা পাচ্ছে রং-বেরংয়ের নকশী। আজ বৃহস্পতিবার ঢাবি কবি সুফিয়া কামাল হলে এবং ১১ই জুলাই রোকেয়া হলে বেলা আড়াইটায় ঈদুল ফিতর পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত: ছাত্রী হল মেহেদী উত্সব ও প্রতিযোগিতার আয়োজন করা হবে।