অমিত শাহ বিজেপির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
অঞ্জন রায় চৌধুরী, নয়াদিল্লি
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২২:৪২
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অমিত শাহ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ট বলে পরিচিত। গতকাল বুধবারই তিনি প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেন। দলটির ১২ সদস্যের পার্লামেন্টারি বোর্ডের সভায় অমিত সর্বসম্মতভাবে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।
গতকাল সকালে প্রেসিডেন্ট রাজনাথ সিং প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। তিনি বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ প্রেসিডেন্ট নির্বাচিত দেশটির বিভিন্ন রাজ্যে আনন্দ-উত্সব করা হয়। বিশেষ করে গুজরাটের আহমেদাবাদে উত্সবটা একটু বেশিই ছিল। কারণ প্রধানমন্ত্রী মোদী এই আহমেদাবাদের সন্তান। বিজেপি সভাপতিও এই এলাকার। অমিত শাহ প্রধানমন্ত্রীর ঘনিষ্ট হওয়ায় সরকারে এবং দলে উভয় জায়গায়ই মোদীর প্রভাব থাকবে বলে মনে করা হচ্ছে। কয়েক সপ্তাহ আগেই অমিত শাহের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নির্ধারিত হয়। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জেপি নাড্ডা এবং ওম প্রকাশ মাথুর। এবারের লোকসভা নির্বাচনে অমিত শাহ (৫০) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উত্তরপ্রদেশের নির্বাচনী দায়িত্বে ছিলেন। এই প্রদেশের ৮০টি আসনের মধ্যে তিনি ৭১টি আসনে জয়লাভ করেন যা দলটির জন্য ইতিহাস। দল মনে করছে রাজ্যের আগামী অ্যাসেম্বলি নির্বাচনেও অমিত শাহ ভাল ভূমিকা রাখবেন।