বিয়ের পোশাকে ধাওয়া করে ‘গিফট চোর’ ধরল কনে!
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২২:৪৪
বিয়ের আসরে অতিথিদের কাছ থেকে পাওয়া গিফট বর কনে উভয়ের কাছে কাঙ্খিত ও মূল্যবান। সেই গিফট যদি কেউ চুরি করে নিতে চায় তবে তা মেনে নেয়া সম্ভব নয়। মানতে পারেননি সদ্য বিয়ে হওয়া মার্কিন তরুণী এলিজাবেথও। তাই চোর যখন তাদের বিয়ের উপহার নিয়ে পালাচ্ছিল তখন বিয়ের ভারি পোশাকেই ‘চোর চোর’ বলে পিছু ধাওয়া করলেন এলিজাবেথ! নববধুর এই কান্ড দেখে বর, উভয়পক্ষের স্বজন ও অতিথিদের চোখ ছানাবড়া। সবাই থামতে বললেও এলিজাবেথ নাছোড়বান্দা। চোর বেচারা অবশেষে বুঝতে পারল সে ভুল জায়গায় চুরি করতে গিয়েছিল!
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। সোমবার ওই বিয়ের আসরে এক ফাঁকে ঢুকে পড়েছিল ৩০ বছর বয়সী চোর সিজার। নগদ ডলারসহ বিয়েতে অতিথিদের আনা বেশ কিছু উপহার সে চুরি করে। সবাই বিয়ের আনন্দে ব্যস্ত। সেই সুযোগে কেটে পড়তে চেয়েছিল চোর। কিন্তু এলিজাবেথের শ্যেনদৃষ্টি এড়াতে পারেনি বেচারা। নববধুর ধাওয়া খেয়ে অনেকক্ষণ দৌঁড়ে চোখের আড়াল হবা চেষ্টা করল। কিন্তু কিছুতেই পেরে উঠল না। পেছন দিক থেকে থাপ্পড় মেরে ধরে বসল তাকে। ততক্ষণে পুলিশ এসে হাজির। চোরকে নিয়ে গেল শ্রীঘরে। আর চুরির মালামাল নিয়ে বিয়ের আসরে বিজয়ীনির বেশে ফিরলেন কনে। -টেক্সাস নিউজ