ফিলিপ লেভিনের কবিতা
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ১৯:২৯
অনুবাদ :রেজা নুর
ফিলিপ লেভিন (Philip Levine)-এর জন্ম আমেরিকার মিশিগান স্টেইটের ডেট্রয়েটে ১৯২৮ সালে। বছরের অর্ধেক সময় বসবাস করেন ফ্রেনসো, ক্যালিফোর্নিয়ায়, বাকি সময় নিউ ইয়র্কের ব্রুকলিনে। কবিতার বই, Breath; Mercy; News of the World; The Simple Truth; Sweetness Rising: New and Selected Poems এবং মেক্সিকান কবি Jaime Sabines-এর নির্বাচিত কবিতার অনুবাদগ্রন্থ Tarumba। ফিলিপ ও প্রয়াত মেক্সিকান কবি আরনেস্টো ট্রেহো-র (Ernesto Trejo) যৌথ অনুবাদ এটি। দু-বার পুলিটজার পুরস্কার, দু-বার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড, দু-বার ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড, লিনোর মার্শাল অ্যাওয়ার্ড এবং রুথ লিলি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। শিক্ষকতা করেছেন উইলমিংটনের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে।
আমাদের উপত্যকা
সমুদ্র দেখি না আমরা, জুলাই আর অগাস্টে
যখন উষ্ণতা উঠে আসে উপত্যকার
শক্ত মাটি থেকে, হেঁটে যেতে পারো ডুমুরের বনে
যখন বাতাস ঠাণ্ডা হয়ে আসে,
ঝাঁপটা লাগে লবণের, তখন তুমি প্রায়
ধরে নাও, প্যাচিও পাসের ওইপাশে অপেক্ষায় রয়েছে কিছু একটা,
বড় কিছু, যুক্তির ওপারে, শক্তিমান এত,
পুবের ওই পাহাড়গুলোরও ভাষা নেই যার।
সম্ভবত ভাবছ, বোকার মতো বললাম, পাহাড়ের ভাষা নেই
সমুদ্রের জন্যে, এখানে এলে মেনে নিতে
সবকিছু জানে তারা।
সুগভীর নীরবতায় লীন হয়ে থাকে, মনে হয় স্বর্গীয় কিছু,
যে নীরবতা ছেয়ে আসে শরতে, তুষার পড়ে ধীরে
পাইন বনে, বাতাস প’ড়ে আসে
ফিসফিস শব্দের চেয়েও চুপ, উত্তেজিত ও আতঙ্কিত তুমি,
কমই অনুভব করো তোমার নিঃশ্বাস।
মনে রেখো, এই ভূমি তোমার নয়।
কারও নয়, সেই সমুদ্রের মতো যার তীরে বাস করতে একদিন
আর ভাবতে, এ তোমার। মনে পড়ে, ছোট্ট নৌকোগুলো
দুলতো বাড়ন্ত ঢেউয়ে, আর যারা
জীবিকা জোগাতো এতে, অর্থহীন পেলো
নিজেদের। এখন বলো, এই আমার বাড়ি,
বলতে পারো, প্রার্থনা করতে পারো পাহাড়ের কাছে,
যখন তারা ধুলোর মতো দেখায়।
বাতাসের প্রতীক্ষা করো, ঘ্রাণ নাও লবণের,
বলো, এই আমাদের জীবন।