ওসমানীনগরে ভাঙ্গনকবলিত দেড় শতাধিক গ্রাম

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা সিলেটের ওসমানীনগরের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় শঙ্কিত দেড় শতাধিক গ্রামের বাসিন্দা। ইতিমধ্যে নিম্নাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়ে গেছে। ফলে ডাইকের অন্তর্বর্তী গ্রামগুলোর বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রবল বর্ষণ, জলাবদ্ধতা ও কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙ্গন এলাকাবাসীর যেন দুর্ভোগের হাতছানি। কুশিয়ারা নদীর পানি ডাইকের বিপদসীমার কাছাকাছি। ভারি বৃষ্টি হলে যে কোনো মুহূর্তে ডাইক ভেঙ্গে প্লাবিত হতে পারে শতাধিক গ্রাম। কুশিয়ারা ডাইকের বাইরের অংশগুলো অর্থাত্ নদীর পাড় এলাকায় বন্যার পানি অনেকটা ঢুকে পড়েছে। গত কয়েক দিনে কুশিয়ারা পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। উক্ত গ্রামগুলোর নদী তীরবর্তী শতাধিক স্কুল পড়ুয়া শিক্ষার্থী পানির কারণে বিদ্যালয়গুলোতে যেতে পাড়ছে না।