বিভিন্ন স্থান থেকে ৪ জনের লাশ উদ্ধার
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২১:০৬
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৪ চনের লাশ উদ্ধারের খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
সিরাজগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা এলাকার ঠাকুরটেকে গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, নিহতের বাম পায়ে ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন রয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
পূর্বধলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার সকালে ধলাই নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলা থানার এসআই মো. খুরশেদ আলম জানান, ধারণা করা হচ্ছে সে বিষপানে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
চারঘাটে এক ব্যক্তির লাশ উদ্ধার
রাজশাহীর চারঘাটে গতকাল বৃহস্পতিবার আহসান হাবিব (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, নির্মাণ শ্রমিক আহসান হাবিব তার দ্বিতীয় স্ত্রী মুসলিমা আক্তার ওরফে মুর্শিদাকে নিয়ে বসবাস করতেন। এ নিয়ে তার প্রথম স্ত্রী মনোয়ারা খাতুনের সাথে প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাতে প্রতিবেশী মুনছুরের স্ত্রী নাজমা পান খাওয়ার কথা বলে আহসানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ভোরে আম গাছের নিচে গলায় গামছা জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। এ ব্যাপারে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের দ্বিতীয় স্ত্রী মুর্শিদা এবং প্রতিবেশী নাজমা খাতুনকে আটক করেছে। চারঘাট মডেল থানার (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
লালমনিরহাটে গৃহবধূর লাশ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে ময়না বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, আ. রহিমের মেয়ে ময়না আক্তারের সাথে ১ বছর পূর্বে মধ্য সিঙ্গিমারী গ্রামের আতোয়ার রহমানের পূত্র মমিনুরের বিয়ে হয়। ঘটনার পর ময়নার শ্বশুড় আতোয়ার ও স্বামী মমিনুর পলাতক রয়েছে।
হাতীবান্ধা থানার ওসি আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।