স্নেইডারের যত আক্ষেপ

আর্জেন্টিনার কাছে গত বুধবারের সেমিফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নেয়াটা মেনে নিতে পারছেন না নেদারল্যান্ডসের প্লে-মেকার ওয়েসলি স্নেইডার। স্নেইডার মনে করেন এভাবে হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়াটা তাদের জন্য অন্যায্য ছিল। তিনি বলেন, ‘আরও ভাল কিছু হতে পারতো আমাদের। আর্জেন্টিনা পেনাল্টির জন্যই খেলছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা তা ছিল না। আমরা ভাল খেলতে চেষ্টা করেছি।’ যদিও আর্জেন্টিনার গোলরক্ষক সের্জিও রোমেরো যে দুটি পেনাল্টি রুখে দেন তার একটি ছিল স্নেইডারের। এ ব্যাপারে তার বক্তব্য-‘আমি আমার পেনাল্টি মিস করেছি। এটা লজ্জার ব্যাপার। তবে ১২০ মিনিটে অনেকগুলো সুযোগ তৈরি করেও সে সব কাজে লাগাতে না পারাটা আরও বেশি হতাশাজনক।’ আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসে লড়াইটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। এরপর অতিরিক্ত সময়ে গড়ালে তাতেও কোন ফল আসেনি। তাই পেনাল্টিতে গড়ায় খেলাটি। এতে গেলবারের রানার্স-আপদের ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কোচ আলেসান্দ্রো সাবেলার দল। মারাকানায় অনুষ্ঠেয় রবিবারের ফাইনালে জার্মানির মুখোমুখি হবে সাবেলার শিষ্যরা। ডাচ সেন্টার-ব্যাক রন ভ্লারের নেয়া প্রথম শটটিই রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরো। ম্যাচে ভাল খেললেও টাইব্রেকারের ঘটনাটি যেন তাকে না ভোগায় সে চেষ্টা চালানোর কথাও জানান ভ্লার। এ প্রসঙ্গে তিনি বলেন,‘এটা খেলা এবং কঠিন একটি পরিস্থিতি ছিল এটি। কিন্তু আমি পুরুষ মানুষ। এ নিয়ে আমি ঘ্যান ঘ্যান করবো না। অবশ্যই, আমি জানি যে, আমি ভাল খেলেছি। কিন্তু এরপরও ইতিবাচক অনুভূতিকে ছাপিয়ে গিয়ে মনে করিয়ে দিচ্ছে যে আমি পেনাল্টি শটটি মিস করেছি।’ভ্লার আরও বলেন, ‘আমরা খালি হাতে দেশে ফিরে যাচ্ছি। এটা দুঃখের বিষয়। কেননা শিরোপা জয়টাই আসল। আমাদের সামনে এখনো তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচটি রয়েছে। কিন্তু এটা একই বিষয় নয়।’