ব্রাজিল ড্রেসিংরুমে ঢুকতে পারলো না কাফু
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২২:১১
বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় সেলেকাওদের ড্রেসিংরুম থেকে ব্রাজিল কিংবদন্তি কাফুকে বের করে দেয়া হয়েছে। তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা এই কিংবদন্তি রাইট ব্যাক নিজেই জানিয়েছেন এ তথ্য। জার্মানদের কাছে বিশাল পরাজয়ের পর দলের খেলোয়াড়দের সান্ত্বনা দিতে ব্রাজিল দলের ড্রেসিংরুমে গিয়েছিলেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন কাফু। কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি হোসে মারিয়া মারিন তাকে বের করে দিয়েছেন। খেলোয়াড়ি জীবনে ব্রাজিলের হয়ে ১৪২ ম্যাচ খেলা কাফু ইএসপিএনকে বলেন, ‘তিনি কোন বহিরাগতকে ড্রেসিংরুমে দেখতে চান না। আমি তাকে বললাম- আমি বহিরাগত নই। আমি কেবলমাত্র ছেলেদের সঙ্গে আলিঙ্গন করতে, তাদের সান্ত্বনা দিতে গিয়েছিলাম। আমি অন্য কোন বিষয়ে কথা বলতে চাইনি। আমি কেবলমাত্র সেখানে গিয়েছিলাম কারণ ছেলেদের সমর্থন দরকার ছিল, যে কারণে আমার ড্রেসিংরুমে আসা।’ ব্রাজিল দলের এক সময়ের অপরিহার্য সদস্য জানালেন, সিবিএফের (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন্স) এমন সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত তিনি। তবে শেষ পর্যন্ত সিবিএফের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এই সাবেক রোমা তারকা।