সিলেট-ভোলাগঞ্জ সড়কের বেহাল অবস্থা

সড়ক ও জনপথ বিভাগের সিলেট-কোমপানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের বেহাল অবস্থা। ৩৭ কিলোমিটার এই সড়ক দিয়ে যান চলাচল এখন প্রায় অসম্ভব। বিশেষ করে সাধারণ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাথর বহনকারী শত শত ট্রাক চলাচলের কারণে সড়কটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কয়েক মাস আগে যোগাযোগ মন্ত্রী সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক পরিদর্শন করে বলেছিলেন, সড়কটি মেরামতের জন্য ৬ শ’ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন দফতরে প্রক্রিয়াধীন আছে উল্লেখ করে সওজ সূত্র জানায়, গত মাসে কিছু রিপেয়ারিং কাজ হয়েছে। বর্তমানে বৃষ্টির জন্য কোন কাজ করা সম্ভব নয়। এদিকে সড়কটি সংস্কারের দাবি নিয়ে কোমপানীগঞ্জবাসী হরতালসহ বিভিন্ন আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন। গত বুধবার সিলেট সদর কোমপানীগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে সিলেট মহানগরে অবস্থানরত সদর কোমপানীগঞ্জবাসীকে নিয়ে নগরীর একটি হোটেলে আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ বিষয়ে আলোচনা শেষে বক্তারা বলেন, অন্যথায় দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যেতে তারা বাধ্য হবেন। এ লক্ষ্যে প্রাথমিক কর্মসূচি হিসেবে তারা মতবিনিময়, মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। এতে দাবি আদায় না হলে হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।