রাজশাহীতে স্কুল ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ

রাজশাহীর বাঘা উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর রাতভর গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার খানপুর গ্রামে এ ঘটনায় গত বুধবার রাতে বাঘা থানায় ধর্ষিত স্কুল ছাত্রীর মা মামলা করেছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ধর্ষিত ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। বাঘা থানার ওসি আমিনুর রহমান বলেন, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশসূত্রে জানা যায়, ধর্ষিতা খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ঘটনার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে একই গ্রামের মরি মন্ডলের ছেলে ঝন্টু (১৬) ও রহমান আলীর ছেলে রায়হান আলী (১৫) তাকে অপহরণ করে পাশের সালাম মাঝির আম বাগানে নিয়ে যায়। সেখানে তারা ওই ছাত্রীকে সারারাত ধর্ষণ করে। এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে ধর্ষকরা তাকে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ফেলে পালিয়ে যায়। পরদিন গত মঙ্গলবার সকালে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিত্সার পর বাড়িতে পৌঁছে দেয়। ভিকটিম কিছুটা সুস্থ হওয়ার পর বিস্তারিত ঘটনা শুনে তার মা গত বুধবার রাতে মামলা দায়ের করেন।