মিয়ানমারের কট্টর মুসলিম-বিদ্বেষী বৌদ্ধ ধর্মীয় নেতা অশ্বিন উইরাথুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করা হয়েছে।
পুলিশকে উদ্ধৃত করে রয়টার্স বার্তা সংস্থা জানাচ্ছে, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার এক মামলায় ইয়াঙ্গনের একটি আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেয়। দোষী সাব্যস্ত হলে তার তিন বছরের কারাদণ্ড হতে পারে।
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গারের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন উইরাথু।
নিয়মিত সোশাল মিডিয়া এবং তার অনুসারীদের উদ্দেশ্যে ভাষণে তিনি মুসলিমদের, বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে খোলাখুলি বিদ্বেষ এবং উস্কানিমুলক কথা বলতেন। মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান বয়কটের ডাক দিয়েছিলেন তিনি।
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমুলক পোস্ট দেওয়ার কারণে ফেসবুক গত বছর তাকে নিষিদ্ধ করে।
আরও পড়ুনঃ ছাত্রলীগের কার্যক্রম জঙ্গি সংগঠনের মতো: ডাকসু ভিপি
মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গারের পাশাপাশি সম্প্রতি অং সান সূচির সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করেন উইরাথু। তার বক্তব্য - সুচির 'দুর্নীতিবাজ' সরকার সেনাবাহিনীর ক্ষমতা খর্ব করতে চাইছে। সূত্র: বিবিসি বাংলা।
ইত্তেফাক/টিএস