তালায় নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর জাহিদ মোড়ল (১২) নামের এক স্কুল ছাত্রের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সাতক্ষীরার তালার বলরামপুর গ্রামের শরিফুল মোড়লের পুত্র ও ইসলামকাটি পিএন (পার্বতী নাথ) মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। গতকাল বৃহস্পতিবার সকালে বলরামপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৭ জুলাইয়ের পর থেকে জাহিদ নিখোঁজ ছিল। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা তালা থানায় একটি সাধারণ ডায়েরি করে। গতকাল সকালে তার লাশ বলরামপুর গ্রামে পাট ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করে। পুলিশ জানিয়েছে, জাহিদের দু’হাত ও পায়ের সবগুলো আঙ্গুল কেটে নিয়েছে দুর্বৃত্তরা। তার শরীরে এসিড ঢেলে ঝলসে দেয়া হয়েছে। এ ধরনের নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ড দেখে এলাকাবাসী হতবাক। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা কেউ বলতে পারছে না। এদিকে একটি সূত্র জানায়, নিখোঁজ হওয়ার দিন গ্রামের কিছু বখাটে যুবকের সাথে জাহিদের বাকবিতণ্ডা হয়। তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি জাহিদকে। তালা থানার ওসি খবর নিশ্চিত করেছেন।