লাখাইয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
প্রকাশ : ১০ জুলাই ২০১৪, ২২:৪৭
জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ করে দু’পক্ষের তিন ঘন্টাব্যাপী সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৩ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লার ভাই তাজুল মোল্লা একই এলাকার মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুক আহমেদ তালুকদারের উপজেলা নির্বাচন নিয়ে বিরোধ শুরু হয়। গত বুধবার রাতে গ্রামে কেরাম বোর্ড খেলা নিয়ে বিবদমান দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।