৪ আগস্ট আবারও মীরাক্কেল
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২০:২৯
গতবারের মীরাক্কেল আসরটি তেমন জমেনি। তবে দুই বাংলার প্রতিযোগিদের আকর্ষণ থাকায় এ নিয়ে বাংলাদেশী দর্শকদেরও বাড়তি এক আকর্ষণ থাকে। জি বাংলা চ্যানেলের হাস্যরসধর্মী জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এর নতুন আসর শুরু হচ্ছে আগামী মাসে। এবারও যথারীতি উপস্থাপনার দায়িত্ব পালন করবেন মীর আফসার আলি। মূল তিন বিচারক হিসেবে থাকবেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবারের আসরেও ওপার বাংলার প্রতিযোগীদের পাশাপাশি অংশ নিচ্ছেন বাংলাদেশী তরুণরা। সমপ্রতি ঢাকায় এ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৪ আগস্ট থেকে প্রতি সোম, মঙ্গল ও বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় প্রচার হবে অনুষ্ঠানটি। পরিচালনা করবেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।