আত্মসাত্ করা ভিজিডির চাল ফেরত দেয়ার প্রতিশ্রুতি
বেতাগী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২১:২২
বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নে সুবিধাভোগীদের অগ্রিম স্বাক্ষর নিয়ে চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্মসাত্ অভিযোগ পাওয়া গেছে। ঐ ইউপি চেয়ারম্যান রেজাউল কবির সুমন চাল আত্মসাতের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একসপ্তাহের সময় চেয়ে চাল ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
জানা গেছে, ঐ ইউনিয়নে ভালনারাবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) প্রোগ্রামের আওতায় মোট ৯টি ওয়ার্ডে মোট ২০৩ জনকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়া হয়। প্রতি তিনমাস পর একসাথে ৯০ কেজি করে প্রত্যেকে সুবিধাভোগী চাল পেয়ে থাকেন। গতবছরের জানুয়ারি থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত এ নিয়মে চাল বিতরণ হয়ে আসছে। গত মঙ্গলবার ঐ ইউপির কয়েকটি ওয়ার্ডে একই নিয়মে চাল বিতরণ শুরু হয়।
কিন্তু ভিজিডি কার্ডের স্বাক্ষর চেক করে সুবিধাভোগীরা দেখেন, তাদের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত মোট পাঁচ মাসের চাল বিতরণ দেখানো হয়েছে।
বাস্তবে তাদের তিন মাসের মোট ৯০ কেজি চাল দেয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। অভিযোগের সত্যতা যাচাই করে উপজেলা নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যানকে বাকি চাল শ্রমিকদের মধ্যে বিতরণের নির্দেশ দেন। চেয়ারম্যান এক সপ্তাহের মধ্যে বাকিদের চাল বিতরণের প্রতিশ্রুতি দেন।