ভালুকায় সওজের ৪০ কোটি টাকা মূল্যের জমি বেদখল
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২১:২৪
ভালুকায় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়সহ প্রায় ৪০ কোটি টাকা মূল্যের ৩ একর ২৫ শতাংশ জমি স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র দখল করে তাতে বসতঘর ও দোকান নির্মাণের অভিযোগ উঠেছে।
ময়মনসিংহ এলএ কেইস নং ১১৫/১৯৬৮-৬৯ইং এর মাধ্যমে ভালুকা মৌজার ২৭৬ ও ৪১০ নং খতিয়ান যথাক্রমে ৩৭নং দাগে ২একর ৯৩ শতাংশ ও ১৭নং দাগে ৩২শতাংশ মোট ৩ একর ২৫ শতাংশ জমি বিরাম মণ্ডল ও দ্বীনবন্ধু নমদাসের কাছ থেকে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর নামে অধিগ্রহণ করা হয়। পরে ১৯.০৫.১৯৭২ সালে ওই জমি সরকারি গেজেটভুক্তও হয়।
১৯৯১ সালে ওই জমিতে সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের জন্য একটি বিশাল একটি অফিস ঘর নির্মাণ করা হয়। বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়টিতে সংশ্লি¬ষ্ট কর্মকর্তা নিয়মিত অফিস না করায় এবং ওই জমিতে কোন সীমানা প্রাচীর না থাকায় স্থানীয় একটি চক্র সওজের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে প্রকৌশলীর কার্যালয়সহ ওই জমি দখল করে নেয়।