সৈয়দপুরে এক বছরেও বিকাশ কর্মী হত্যার কিনারা হয়নি

নীলফামারী সৈয়দপুরে বিকাশ কর্মী হাবিবকে প্রকাশ্যে গুলি করে হত্যা ও ২২ লাখ ছিনতাইয়ের ঘটনায় এক বছর পেরিয়ে গেলেও পুলিশ এখনও কুল-কিনারা খুঁজে পায়নি। এদিকে সন্তানহারা পরিবারটি ন্যায় বিচার না পাওয়ায় নিরবে কাঁদছে। গত বছর মোবাইল ব্যাংকিং বিকাশের পরিবেশক তারিকুল ইসলাম তারিকের কর্মচারী হাবিবুর রহমান হাবিব (২২) ও সোহেল (২৫) শহরের জামে মসজিদ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান মোবাইল মাঠ থেকে ২২ লাখ নিয়ে মাত্র ৫শ’ গজ দূরে স্থানীয় বিকাশ অফিসে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় মোটর সাইকেল যোগে আসা একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে হাবিবের মাথায় গুলি লাগলে সে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় সোহেল (২৫) ও পথচারি শামীম (৪৫)। এরপর সন্ত্রাসীরা ব্যাগে রক্ষিত ২২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড়ভাই হারুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ বিভিন্ন সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাইদুল, সোলেমান, জামিল, আসাদুল্লাহ মোন্নাফ, আশরাফুল, বাবু ও বাবুল মিয়াকে গ্রেফতার করে। পরে তাদের রিমান্ডে নিয়েও কোন রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। মামলার বাদী অভিযোগ করে বলেন, সে সময় সন্দেহভাজনদের নাম ওসিকে দেয়া হলেও তিনি অজ্ঞাত কারণে তাদের গ্রেফতার করেননি।