মটরসাইকেল খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন মজিদ
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২১:২৫
নীলফামারীর জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের বৈতপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে ম্যাজিক শিল্পী আব্দুল মজিদের মটরসাইকেল খেলা এখন সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এবং প্রতিনিয়ত তার খেলার আইটেম বেড়েই চলছে। বর্তমানে সে মটরসাইকেলে চলন্ত অবস্থায় ১০ থেকে ১২ প্রকার খেলা খেলতে পারে। আব্দুল মজিদ জানান, একটি পুরাতন মটরসাইকেল ক্রয় করি এবং সেইদিন থেকে প্রাকটিক্স শুরু করি। মাত্র ত্রিশ দিনের মধ্যে তিনটি খেলা আয়ত্তে নিয়ে আসি। পর্যায়ক্রমে ১০ থেকে ১২টা খেলা এখন পর্যন্ত আয়ত্তে এনেছি। খেলাগুলো হলো চলন্ত মটরসাইকেলে শরীর থেকে যাবতীয় পোশাক খুলে ফেলে আবার চলন্ত অবস্থায় পোশাক গায়ে পরিধান করা, চলন্ত অবস্থায় মাথা নিচু করে পা উপরে করা। আব্দুল মজিদের শেষ ইচ্ছা, রেল-লাইনের উপর হাত ছেড়ে দিয়ে সে মটরসাইকেল চালাবে। সে প্রতিনিয়ত পাগলাপীর ডালিয়া সড়ক, কিশোরগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, রংপুর হাইওয়ে সড়কসহ রংপুর বিভাগের সবখানে তার মটরসাইকেল খেলা দেখাচ্ছেন। এত ব্যস্ততম সড়কে জীবনের ঝুকি নিয়ে খেলা দেখা সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে সে জানায়, মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। তাই সে আল্লাহুর উপর ভরসা করে নিয়মিতভাবে তার মটরসাইকেলের যাদুর খেলা অব্যাহত রেখেছে। প্রতিদিন খেলা দেখিয়ে যা আয় হয় তা দিয়ে চলে তার সংসার। বাবা আলিম উদ্দিন খেজুর রস বিক্রি করে সংসার চালান। সে আগামীতে বাংলাদেশব্যাপী এই খেলা দেখিয়ে মানুষের মনে জায়গা করে নিতে চায়।