ধামইরহাটে ১৩শ’ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর ধামইরহাটের পশ্চিম চাঁন্দপুর মৌজায় গত বৃহস্পতিবার ভোর ৫টায় বন বিভাগের প্রায় ১৩শ’ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলা বনবি ট কর্মকর্তা শ্রী লক্ষণ চন্দ্র ভৌমিক বলেন, ২০১১-১২ আর্থিক বছরে সৃজিত বন বাগানে পশ্চিম চাঁন্দপুর গ্রামের এক বনদস্যুর নেতৃত্বে দুর্বৃত্তরা নির্বিকারে আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৩শ’ গাছ কর্তন করে। বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক ও বন প্রহরীরা তাদের বাধা দেয়ার চেষ্টা করলে বনদস্যুরা তাদের দেশীয় অস্ত্র দ্বারা তাড়া করে। এ সময় বন কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক ও তার লোকজন প্রাণভয়ে পালিয়ে যায়। এতে সরকারের লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে। একই চক্র ইতিপূর্বে একই কায়দায় বন নিধন করেছিল। ধামইরহাট থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, মামলা পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।