মেসিকে আটকে দিতে চায় জার্মানি
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২১:৫৪
ঐতিহাসিক মারাকানায় অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে আটকে দিতে গোপন পরিকল্পনা কষছে জার্মানি। টানা চারবার ব্যালন ডি’অর জয়ী তারকাকে আটকে দেয়ার ব্যাপারে মঙ্গলবার ‘বিশেষ পরিকল্পনা’র কথা জানিয়েছেন জার্মানির সহযোগী কোচ হেন্সি ফ্লিক। তবে কী এই পরিকল্পনা-এ নিয়ে মুখ খুলেননি তিনি।
মেসি আগের ম্যাচগুলোতে নৈপুণ্য দেখালেও বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে তেমনটা খেলতে পারেননি তিনি। টাইব্রেকার থেকে একটি গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। মেসি প্রশ্নে জার্মানির সহযোগী কোচ বলেছেন, ‘আমরা দেখেছি, কিভাবে নেদারল্যান্ডস মেসিকে আটকে দিয়েছে। তার জন্য আমাদেরও বিশেষ পরিকল্পনা রয়েছে। আমি এখনই এটা বলে দিতে চাই না।’
‘দল ব্যবস্থাপনা এবং মেসির ব্যাপারে আমরা বসবো। মেসি ছাড়াও বিশ্বকাপে তাদের দলে বেশ ক’জন দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। আর্জেন্টিনা সম্পর্কে আমরা অনেককিছুই জানি। জার্মানি ফেভারিটের তকমাটা গ্রহণ করছে। তবে ফাইনালটা নিজেদের মতো করেই খেলে নিতে চাই’—বলেন ফ্লিক।
জার্মান ডিফেন্ডার বেনেডিক্ট হোয়েডেস জানালেন, গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য যেমন পরিকল্পনা গ্রহণ করেছিল মেসির জন্যই একই পরিকল্পনা গ্রহণ করা হবে, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। পর্তুগালের সঙ্গে খেলার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে আমরা যেমন রক্ষণ গ্রহণ করেছিলাম, মেসির ক্ষেত্রেও তাই হবে। আমরা তার গোলের সুযোগগুলো দমিয়ে দিতে চাই এবং তার জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চাই।’
এবার নিয়ে বিশ্বকাপে ছয়বার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-জার্মানি। আর বিশ্বকাপের এটি দল দু’টির দ্বিতীয় মুখোমুখি লড়াই। তাদের সর্বশেষ লড়াইটি ছিল দু’বছর আগে ফ্রাঙ্কফ্রুটে। ওই ম্যাচে মেসির জোড়া গোলে ৩-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপে দল দু’টির সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে জয়টা জার্মানিরই। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা আসরে ক্যাপটাউনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার দলকে ৪-০ গোলে হারিয়েছিল জোয়াকিম লোর দল। এর চার বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বার্লিনে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়েছিল জার্মানি।
মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৮৬ সালের আসরের ফাইনালে জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। পরের আসরেই ১৯৯০ সালে ইতালি আসরের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নেয় ইউরোপের এই দলটি। তবে অতীতের কোনো তুলনায় যেতে চান না জার্মান তারকা মিরোস্লভ ক্লোসা, ‘আপনি সঠিক তুলনাটা করতে পারবেন না। ম্যারাডোনাও তখন দারুণ খেলোয়াড় ছিলেন, মেসিও দারুণ। আপনি বলতে পারেন ওইবারের দলের সঙ্গে এবার তাদের সমতা আছে। আমরা কিছু বিস্ময় দেখিয়ে এ পর্যন্ত এসেছি। ফাইনালে আমি আরও একটি উত্তেজনাকর ম্যাচের অপেক্ষায় আছি। আমি মনে করি ফাইনালটা হবে কৌশলের লড়াই।’