জুনিগার নিরাপত্তায় কলম্বিয়া ফুটবল ফেডারেশন

মৃত্যুর হুমকি পাওয়ায় ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৪ জুলাই কলম্বিয়ার ২-১ গোলে হারা ম্যাচটিতে জুনিগার হাঁটুর আঘাতে ব্রাজিল তারকা নেইমার মেরুদণ্ডে আঘাত পান। খেলার ৮৮ মিনিটে পাওয়া এ আঘাতের কারণে তাত্ক্ষণিকভাবে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় নেইমারকে এবং সঙ্গে সঙ্গে তার বিশ্বকাপ মিশনও শেষ হয়ে যায়। নেপোলি ডিফেন্ডার জুনিগাকে এ জন্য কোন শাস্তি পেতে হয়নি । জুনিগা এটাকে ‘স্বাভাবিক’ চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন এবং ফেডারেশন কলম্বিয়ানা ডি ফুটবল (সিএফসি) ২৮ বছর বয়সী এ তারকা খেলোয়াড়কে সমর্থন করে আসছে। কলম্বিয়ার জাতীয় ফুটবল কমিটি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলে, ‘ক্যামিলো জুনিগা ও তার পরিবারের প্রতি সকল প্রকার হুমকি এবং অবমাননাকে প্রত্যাখ্যান ও নিন্দা জানায় সিএফসি। একই সাথে সিএফসি তার নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকারি সংস্থাগুলো কলম্বিয়ায় এবং তার বর্তমান নিবাস ইতালিতে জুনিগা ও তার পরিবারের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবে।’