স্কলারির সরে দাঁড়ানো উচিত: জিকো

নিজ মাঠে বিশ্বকাপ শিরোপা জয় করতে ব্যর্থ হওয়ার পর ব্রাজিল কোচ লুইস ফেলিপ স্কলারির পদত্যাগ করা উচিত্ বলে মনে করছেন কিংবদন্তী ফুটবলার জিকো। নিজ মাঠে বিশ্বকাপ শিরোপা জয়ে অন্যতম ফেবারিট ছিল দক্ষিণ আমেরিকার দেশটি। কিন্তু মঙ্গলবার সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের বিশাল পরাজয়ে তাদের ষষ্ঠ শিরোপা জয়ের আশা শেষ হয়ে যায়। জিকো মনে করছেন, স্কলারির নিজ থেকেই সরে দাঁড়ানো উচিত্ এবং তার জায়গায় সাও পাওলোর কোচ মুরিসি রামালহোকে নিয়োগ দেয়া উচিত্। ব্রাজিলের এই কিংবদন্তী বার্তা সংস্থা ইএফই’কে বলেন, ‘স্কলারি এবং তার সহকারী কার্লোস আলবার্তো পেরেইরাকেও আমাদের ধন্যবাদ জানানো উচিত্। আমাদের এখন নতুন কাউকে খুঁজে বের করা দরকার যিনি ব্রাজিলিয়ানদের নতুন ধরনের খেলার পথ আবিষ্কার করবেন।’ রামালহোকে নেয়ার যুক্তি হিসাবে জাপানের সাবেক এই কোচ বলেন, ‘ব্রাজিলিয়ান লীগ চ্যাম্পিয়নদের মধ্যে অন্যতম একজন রামালহো। বিশ্বের যে কোন লীগের চেয়ে ব্রাজিলিয়ান লীগ শিরোপা জয় করা সবচেয়ে কঠিন।’ এরপর জিকো ব্রাজিল দলের শক্তি নিয়ে কথা বলেন এবং গুণগত মানের অভাবের কারণেই তারা বিশ্বকাপ শিরোপা জয় করতে পারেনি বলে সন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আপনি যদি গত বছরের প্রথম একাদশের দিকে তাকান তাহলে দেখবেন তাদের কেউই নিজ নিজ ক্লাবের মূল খেলোয়াড় ছিল না। ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমারের দিকে তাকান, দেখবেন গত মৌসুমে বার্সেলোনায় তাকে কত সময় বেঞ্চে বসে থাকতে হয়েছে... ‘ফ্রেড, মার্সেলো, হাল্ক কারো খেলায়ই ধারাবাহিকতা ছিল না। এমনকি ডেভিড লুইস এবং অস্কার এদের কেউই চেলসির প্রথম পছন্দ ছিল আপনি বলতে পারবেন না।’ আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অব ম্যাচে নেদারল্যান্ডের মোকাবেলা করবে ব্রাজিল।-বাসস