ঘুরে দাঁড়াচ্ছে কর্ণফুলী পেপার মিল

চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলে স্বাভাবিক উত্পাদন ফিরিয়ে আনতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অচিরে পেপার মিল তার পূর্ণ উত্পাদন ক্ষমতায় ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মিল সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয় ও বিসিআইসির সহায়তায় মিলের হারানো গৌরব ফিরে আনতে ব্যাপক কর্ম পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৮১ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। অচিরে কর্মপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু হবে। মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান, স্বল্প মেয়াদী পরিকল্পনার আওতায় মিলের কেমিক্যাল প্ল¬্যান্টের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪৫ দিনের সাটডাউন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ পরিকল্পনার ব্যয় বরাদ্দ করা হযেছে ১১.১৬ কোটি টাকা। এ কার্যক্রমের আওতায় প্ল্যান্টের কষ্টিক ক্লোরিন প্ল¬্যান্টের সকল প্রকার যান্ত্রিক ও অভ্যন্তরীণ ফ্ল¬্যান্টের রক্ষণাবেক্ষণ করাসহ ভৌত অবকাঠামোর মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হবে। বিসিআইসি এবং মিল কর্তৃপক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কাজ চলছে। আগামী বছরের মার্চ মাস নাগাদ স্বল্প মেয়াদী পরিকল্পনার কাজ বাস্তবায়িত হলে লাভবান পর্যায়ে মিলে কাগজ উত্পাদন সম্ভব হবে। এছাড়াও ৫৩.৬৮ কোটি টাকা ব্যয় বরাদ্দের মধ্য মেয়াদী পরিকল্পনার আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্ল্যান্ট এর রিনোভেশন ও রক্ষণাবেক্ষণ এবং ১৬ কোটি টাকা ব্যয়ে স্টিম টারবাইন জেনারেটরের চতুর্থ দফায় ওভারহলিং করা হবে। মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোছাব্বিরুল ইসলাম বলেছেন, মিলের আর্থিক সামর্থ্য হ্রাস পেলেও কাঁচামাল সরবরাহকারীদের পাওনা পরিশোধ করা হচ্ছে এবং ব্যবস্থাপনার উপর আস্থা রেখে তারা মিলে সরবরাহ অব্যাহত রাখছেন।