স্বাভাবিক জীবন পেল বাঁকা পা নিয়ে জন্ম নেয়া ৬১৫ শিশু
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২২:০২
মাতৃগর্ভ থেকে বাকা পা নিয়ে জন্ম নেয়া যশোর জেলার ৬১৫ জন শিশু এখন আর দশটি শিশুর মতো উচ্ছ্বল প্রাণবন্ত জীবনযাপন করছে। বিনামূল্যে এই শিশুদের সুস্থ ও স্বাভাবিক পা ফিরিয়ে দিয়েছে দ্য গ্লেনকো ফাউন্ডেশন। বৃহস্পতিবার ফাউন্ডেশনের এ কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক।
ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, বাঁকা পা বা ক্লাবফুট মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০০৯ সালের সেপ্টেম্বরে প্রথম যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে কার্যক্রম শুরু হয়। শিশুদের বাঁকা পা ভালো করতে দ্য গ্লেনকো ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ‘ওয়াক ফর লাইফ’ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চিকিত্সা সেবা শুরু করে। এখানে সাফল্য আসতে শুরু করলে পর্যায়ক্রমে দেশের ৪৪টি সরকারি-বেসরকারি হাসপাতালে এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়। এ কার্যক্রমের আওতায় ১১ হাজার ৭০৯ জন শিশুকে চিকিত্সা দেয়া হয়েছে।