মোদীকে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ ওবামার
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২২:৩৮
ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রধানমন্ত্রী মোদী আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট উইলিয়াম বার্নস প্রধানমন্ত্রী মোদীর কাছে ওবামার আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। গতকাল ভারতের প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর পিটিআই’র।
প্রধানমন্ত্রী অফিসের বিবৃতিতে জানানো হয়, আমন্ত্রণপত্রে ওবামা বলেছেন, তিনি চান যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে। মোদী বলেন, তার যুক্তরাষ্ট্র সফর ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক একটি নতুন যুগে প্রবেশ করবে বলে তিনি আশা করেন। এছাড়া দুই দেশের সম্পর্ক এই অঞ্চলে একটি নতুন বার্তা দেবে। মোদী বলেন, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে কেবল দুই দেশের স্বার্থের বিষয়টিই প্রধান্য পাবে না। দুই দেশের সম্পর্ক বিশ্বে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য একটি শক্তি হিসেবে তুলতে সমর্থ হবে। উল্লেখ্য, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে ২০০২ সালের দাঙ্গায় বিতর্কিত ভূমিকার কারণে মোদীর যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা ছিল।