গাজায় হামলা বন্ধের আহ্বান বাংলাদেশের

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নৃশংসতা ও সহিংসতার ঘটনায় একশ’রও বেশি নিরীহ মানুষের প্রাণহানি ও সম্পদহানিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। ইসরাইলের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে গাজায় দ্রুত হামলা বন্ধের আহবান জানানো হয়েছে। গাজায় এই সহিংসতা নতুন করে মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে বলেও মনে করে বাংলাদেশ। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের প্রস্তাবনা, আরব শান্তি পরিকল্পনা ও রোড ম্যাপ অনুযায়ী ফিলিস্তিন প্রশ্নে সমাধানের বিষয়ে নীতিগত অবস্থান রয়েছে বাংলাদেশের। নতুন করে প্রাণহানি বন্ধে এবং শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য উভয়পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহবান জানানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে। এতে আরো বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে ফিলিস্তিনের ভূমি দখলের প্রক্রিয়া অবশ্যই বন্ধ হওয়া উচিত। একই সঙ্গে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের অবশ্যই একটি স্বাধীন রাষ্ট্র হওয়া দরকার বলে বাংলাদেশ মনে করে।