টাঙ্গাইলে অগ্রণী ব্যাংকের ১৫ শাখায় চাঁদা দাবি

অভিযোগ পাওয়া গেছে টাঙ্গাইলে অগ্রণী ব্যাংকের ১৫ শাখা ব্যবস্থাপকের মোবাইলে ফোন করে গণহারে চাঁদা দাবি করেছে সর্বহারা পার্টির সদস্যরা। ঈদকে সামনে রেখে এই চক্রটি ফোন করে বিকাশের মাধ্যমে মোটা অংকের চাঁদা দাবি করেছে বলে অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। কয়েকজন ম্যানেজার নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। বৃহস্পতিবার মির্জাপুর উপজেলার অগ্রণী ব্যাংকের কয়েকটি শাখায় সরেজমিনে ঘুরে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকের কয়েকজন শাখা ব্যবস্থাপক নামপ্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, গত কয়েক দিনে তারা এ ধরনের ফোন পেয়েছেন। প্রতিটি শাখা থেকে কমপক্ষে এক লাখ টাকা হারে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন। নির্ধারিত সময়ে চাঁদার টাকা পরিশোধ করা না হলে বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এ ছাড়া এই টেলিফোনের কথা কোন আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হলে অবস্থা আরও ভয়াবহ হবে বলে শাসিয়ে দেয়া হয়েছে। জানা গেছে, টাঙ্গাইলের ১২ টি উপজেলায় অগ্রণী ব্যাংকের শাখা অফিস রয়েছে ২৪ টি । জীবনের নিরাপত্তা চেয়ে টাঙ্গাইলের নাগরপুর শাখার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হারুন অর রশিদ থানায় জিডি করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রধান শাখা অগ্রণী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।