কক্সবাজার-টেকনাফ সড়কের
উপর ১২টি হাটবাজার
রফিকুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২০:৫৮
কক্সবাজার-টেকনাফ ৭৯ কিলোমিটার সড়কের উপর সম্পূর্ণ অবৈধ উপায়ে ১২টি হাটবাজার বিদ্যমান রয়েছে। ঈদকে সামনে রেখে এসব হাটবাজারগুলো আরো ব্যাপক আকার ধারণ করায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি এখানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির আশংকা করা হচ্ছে। উখিয়া-টেকনাফের পর্যটন স্পট সেন্টমার্টিনকে ঘিরে দেশি-বিদেশি পর্যটকদের আসা-যাওয়া বৃদ্ধি পাওয়ায় এ সড়কটি পর্যটন খাতে দেশের জন্য অতীব গুরুত্ব বহন করে। এখানে বিভিন্ন স্টেশনকে ঘিরে হাটবাজার জমে ওঠার ফলে কক্সবাজার-টেকনাফ সড়ক অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে। কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুর-ই-আলম জানান, এলাকাভিত্তিক কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধি প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় কক্সবাজার-টেকনাফ সড়কে প্রায় ১২টি হাটবাজার গড়ে তোলা হয়েছে। যে কারণে বারবার এ হাটবাজার উচ্ছেদ করার পদক্ষেপ নেয়া সত্ত্বেও কার্যকর করা সম্ভব হচ্ছে না। কক্সবাজার-টেকনাফ সড়কের লিংক রোড, পানেরছড়া, মরিচ্যা বাজার, কোটবাজার, উখিয়া সদর, কুতুপালং শরণার্থী বাজার, বালুখালী পানবাজার, থাইংখালী, পালংখালী, হোয়াইক্যং, হ্নীলা টেকনাফসহ ১২টি হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বেচাকেনা চলছে সড়কের উপরে। এ সব স্পটে এসে দূরপাল্লার বিলাসবহুল যাত্রীবাহী গাড়ীগুলো যানজটের দীর্ঘসূত্রতায় যাত্রীদের মূল্যবান সময় অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসব অবৈধ হাটবাজারগুলো উচ্ছেদ করে যানজটমুক্ত করার একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। তথাপিও পরবর্তীতে আবারো যানজটের সৃষ্টি হতে দেখা গেছে। তিনি এব্যাপারে স্থানীয় চেয়ারম্যানদের উদ্যোগী হওয়ার আহবান জানান।