মেসি সর্বকালের সেরা মানতে আপত্তি মরিনহোর
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২১:০১
চেলসি কোচ হোসে মরিনহোর মতে, বার্সেলোনা তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি সর্বকালের সেরা খেলোয়াড় নন।
চারবার ব্যালন ডি’অর জেতা মেসি সর্বকালের সেরা খেলোয়াড় কিনা, সে বিষয়ে অনেক দিন থেকেই বিতর্ক চলছে। অনেকের মতে, নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপ শিরোপা জয় করায় পেলে এবং দিয়েগো ম্যারাডোনা সর্বকালের সেরা ফুটবলার।
কিন্তু মরিনহোর দৃষ্টিতে বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ফল যাই হোক- গত এক দশকে আর্জেন্টাইন তারকাটি প্রমাণ করেছেন যে, তিনি একজন অসাধারণ স্ট্রাইকার। তবে এ ফরোয়ার্ড এখনো সর্বকালের সেরা হতে পারেননি।
ইয়াহু’র ‘গ্লে¬াবাল ফুটবল অ্যাম্বাসেডর’ হিসেবে মরিনহো বলেন, ‘আমি মনে করি মেসি অসাধারণ একজন খেলোয়াড়। একজন চমত্কার খেলোয়াড় হতে তার বিশ্বকাপ শিরোপা জয় করার প্রয়োজন নেই। এই দশকের ঐতিহাসিক খেলোয়াড় হওয়ার জন্য তার বিশ্বকাপ জেতার দরকার নেই। কিন্তু আমার কাছে সে সর্বকালের সেরা খেলোয়াড় নয়।’
পরক্ষণেই এই বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের জন্য নেদারল্যান্ডের আরিয়েন রোবেনের ভূয়সী প্রশংসা করেন চেলসি কোচ। তিনি ম্যানুয়েল ন্যুয়ার ও পল পগবারও প্রশংসা করেন।
মরিনহো বলেন, ‘আমি মনে করি এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় রোবেন। আমি মনে করি প্রথম দিন থেকে শেষ ম্যাচ পর্যন্ত একইভাবে ভালো পারফরমেন্স করা খেলোয়াড় সে। তার পারফরমেন্সে কখনোই উত্থান-পতন ছিল না, সব সময়ই ঊর্ধ্বমুখী ছিল। একইভাবে আমি বলবো পগবা সেরা তরুণ খেলোয়াড়। তার দল শেষ চারে উঠতে না পারলেও সে বিশ্বকাপে খুবই ভালো খেলেছে। আমি মনে করছি পরবর্তী বিশ্বকাপে যে সে একজন তারকা খেলোয়াড় হবে-সেটা পগবা দেখিয়েছে।
এ ছাড়াও তিনি সেরা গোলরক্ষক হিসেবে ন্যুয়ারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘ফাইনালে সে কেমন করবে আমি জানি না। তবে এ পর্যন্ত আমি বলব ন্যুয়ার সেরা।’ বিশ্বকাপে দেশ হিসেবে স্পেন, ইংল্যান্ড, ইতালি এবং পর্তুগালের পারফরমেন্সে মোটেই খুশি নন মরিনহো। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালি এবং পর্তুগালের মত অনেক বড় দলই হতাশ করেছে। তাদের অনেক দলই প্রত্যাশার চেয়ে অনেক খারাপ করেছে, এমনকি গ্রুপ পর্যায়েই বিদায় নিয়েছে। তবে কোস্টারিকা, চিলি, যুক্তরাষ্ট্র, আলজেরিয়া বিশ্বকাপে চমত্কার পারফরমেন্স করেছে। এদের কারণেই বিশ্বকাপের সৌন্দর্য বেড়েছে।’ —বাসস/ইয়াহু