ফাইনালে ব্রাজিলের সমর্থন চায় জার্মানি
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২১:০২
জার্মানি আজকের ফাইনালে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হচ্ছে বলে ২০১৪ বিশ্বকাপের স্বাগতিকদের সমর্থন চায়। কোচ জোয়াকিম লো’র শিষ্যরা সেমিফাইনালে ৭-১ গোলে হারায় ব্রাজিলকে। কিন্তু নিজেদের দলটি প্রতিযোগিতা থেকে বিদায় নেয়ার পর স্বাগতিকদের প্রতিক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন জার্মানরা। এ ব্যাপারে জার্মান ডিফেন্ডার ২৬ বছর বয়সী বেনেডিকট হাউয়েডেস বলেন, ‘আমরা সবাই ব্রাজিলিয়ানদের সমর্থন আশা করছি। ব্রাজিলিয়ানরা আমাদের যেভাবে সমর্থন করেছে সেটা খুবই চমত্কার বলে আমি মনে করছি। পুরো ম্যাচেই ব্রাজিলিয়ানরা আমাদের সমর্থন করেছে, যা অসাধারণ।’
আজ রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ৭৭ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বুধবারের সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারানো আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে জার্মানি মাঠে নামবে চতুর্থবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে।
হাউয়েডেস বলেন, ‘আমরা জানি ফেবারিট হিসেবে আমরাই বিবেচিত হচ্ছি। এ কারণে যাতে আমাদের বিপদ না ঘটে সে জন্য দলের খেলোয়াড়রা যথেষ্ট সতর্ক। বাইরের কোন কিছুর দিকেই আমরা নজর দিচ্ছি না, যা আমাদের মনোযোগ ভিন্ন খাতে নিতে পারে।’ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে গ্রুপপর্বে ৪-০ গোলে হারানো জার্মানি এ নিয়ে টানা চার বিশ্বকাপের শেষ চার পেরিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে। এখন তারা আর্জেন্টিনাকে হারিয়ে ১৯৯০ সালের পর আবার শিরোপা জিততে চায়।