মেসি ক্লান্ত দাবি তার বাবার

লিওনেল মেসির বাবা দাবি করেছেন ক্লান্তির কারণে তার ছেলের বিশ্বকাপ পারফরমেন্স খুব বেশি ভাল হচ্ছে না। মেসি আর্জেন্টিনার হয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম এবং সেমিফাইনালে নেদারল্যান্ডস’র বিরুদ্ধে নজরকাড়া কিছু করে দেখাতে পারেননি। আর্জেন্টিনা অবশ্য এরপরও দুটো খেলাতেই উতরে যায়। তবে আজ রবিবার মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিরুদ্ধে ফাইনালে জিততে হলে মেসিকে অবশ্যই ভাল নৈপুণ্য দেখাতে হবে। ধারণা করা হচ্ছে তার বাবার এমন মন্তব্যে মোটেই বিচলিত হবেন না আর্জেন্টিনা ভক্তরা। মেসি বাবা হোর্গে যদিও বলেছিলেন,‘সে খুবই ক্লান্ত এবং তার মনে হচ্ছে তার প্রতিটি পায়ের ওজন ১০০ কিলোগ্রাম।’ হোর্গে মেসি ব্রাজিলের সংবাদপত্র ফোলহা ডে এস পাওলোকে এ কথা বলেন ডাচদের বিরুদ্ধে খেলাটির পর। নেদারল্যান্ডস’র বিপক্ষে সেমিফাইনালে রণ ভ¬ার এবং তার সতীর্থরা বেশ ভালভাবে সামাল দিয়েছে মেসিকে। কারণ তারা বুঝতে সক্ষম হয়েছিল যে, মেসিকে আটকাতে পারলে ম্যাচ জয় সম্ভব। ফলে ঠিকই ১২০ মিনিটে কোনো গোল পাননি মেসি। আজকের ফাইনালে জার্মানিও একই কৌশল অবলম্বন করতে পারে। মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে বলে ইতোমধ্যেই জানিয়েছেন জার্মান দলের সহকারী কোচ হ্যান্সি ফ্লিক।