বকশীগঞ্জে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ

স্বেচ্ছাশ্রমে একটি জেলার দীর্ঘতম বাঁশের সাকো নির্মাণ করেছে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামবাসী। ফলে ১২টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে। দীর্ঘদিন যাবত্ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া এলজিইডির সড়কে কাটাখালি সিংগিডুবা খালের ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি করে আসছে ওই এলাকাবাসী। কিন্তু দীর্ঘ দিনেও সেই দাবি পূরণ হয়নি। ফলে কাটাখালি খাল সংলগ্ন ১২টি গ্রামের মানুষের চলাচল দারুণ বিঘ্ন ঘটে আসছে। বিশেষ করে বর্ষা মওসুমে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন জনসাধারণসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়। এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কাজ হয়নি। তাই ওই স্থানে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে প্রায় ৯০ মিটার দৈর্ঘ্য একটি বাঁশের সাকো নির্মাণ করেছে। ফলে সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া, গাজিরপাড়া, বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা, দপরপাড়া, পশ্চিম দপরপাড়া, আকন্দ পাড়া, শাহাদাতপুর, গাড়িপাড়া, চখারচর, বগারচর ইউনিয়নের সারমারাসহ আশপাশ এলাকার প্রায় ৫০ হাজার মানুষের চলাচলে সাময়িক সুবিধা হয়েছে। এই বাশের সাঁকোটি জামালপুর জেলার সবচেয়ে দীর্ঘতম বাশের সাঁকো। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান লেবু জানান, কাটাখালি সিংগিডুবা খালের ওপর একটি পাকা ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোন সাড়া মিলেনি। তাই জনসাধারণকে সাথে নিয়ে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বাঁশের সাঁকোটি নির্মাণ করেছি।