দুই কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ
ইত্তেফাক রিপোর্ট
দীর্ঘ ছয় বছর অনুসন্ধান করে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী এস এম কামরুজ্জামান ও তার স্ত্রী নাছিমা জামানের বিরুদ্ধে দুই কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম রাজধানীর রমনা থানায় মামলা দুটি করেন। এর আগে ২০১৩ সালের শুরুর দিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী এস এম কামরুজ্জামান ও তার স্ত্রী নাছিমা জামানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে কমিশন। এরই ধারাবাহিকতায় ওই বছর ১৩ জুন কমিশন তাদের সম্পদ বিবরণীর নোটিস দেয়। নোটিসের পরিপ্রেক্ষিতে ২৪ জুন তারা কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর টানা ছয় বছর অনুসন্ধান চালিয়ে কমিশন গতকাল তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করল।
দায়েরকৃত ৬৭ নম্বর মামলায় এজাহারে বলা হয়, কামরুজ্জামান ১৯৮০ সালে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরে যোগদান করেন। তারপর নিয়মিত পদোন্নতির মাধ্যমে ২০১৬ সালে নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব পালন করেন। একই বছরে তিনি অবসরে যান। কামরুজ্জামান ৬৪ লাখ ৩৫ হাজার ৫৯২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। এছাড়া তিনি ৩০ লাখ ৪২ হাজার ১১৬ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
অন্যদিকে তার স্ত্রী নাছিমা জামানের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, তিনি একজন গৃহিণী। তার দুই কোটি চার লাখ চার হাজার ১২৮ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া তিনি এক কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।